২০২৬ সালের সাহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট

সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ (Sehri Iftar Time 2026) চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, এর আগের বছরগুলোতে সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হতো এবং ফজরের ওয়াক্ত শুরু ধরা হতো সুবহে সাদিকের ৩ মিনিট পরে। তবে এবার সেই সতর্কতামূলক সময় বাদ দেওয়া হয়েছে। সাহরির শেষ সময়কেই ফজরের ওয়াক্ত শুরুর সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।

হাদিসে সতর্কতামূলক সময়ের উল্লেখ না থাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব ও দেশের শীর্ষস্থানীয় মুফতিদের পরামর্শে নতুন এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এ বছর ঢাকা ছাড়াও দেশের ৬৪ জেলার জন্য আলাদা ৬৪টি সময়সূচি প্রকাশ করা হয়েছে। ফলে কোনো জেলার রোজাদারদের আর ঢাকার সময়ের সঙ্গে যোগ-বিয়োগ করে হিসাব করতে হবে না। সংশ্লিষ্ট জেলার নির্ধারিত সময়সূচি অনুসারেই সাহরি ও ইফতার করা যাবে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সময়সূচিতে উল্লেখিত সাহরির শেষ সময়ই মূলত ফজরের নামাজের ওয়াক্ত শুরুর সময়।

জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বের কারণে সময়ের পার্থক্য হয়ে থাকে। তাই জেলার ভারসাম্য রক্ষার জন্য সাহরির সময় জেলার পূর্ব প্রান্ত এবং ফজরের আজানের সময় পশ্চিম প্রান্ত অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। আর ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে জেলার পশ্চিম প্রান্তের সময় অনুসারে।


🌙 সাহরি ও ইফতারের গুরুত্ব

রোজা পালনে সাহরি ও ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার নিয়ত অন্তরের ইচ্ছার মাধ্যমেই সম্পন্ন হয়; মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয়। রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াই নিয়তের অন্তর্ভুক্ত।

বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রচলিত থাকলেও তা হাদিস বা ফিকাহর কিতাবে সরাসরি বর্ণিত নয়। তবে কেউ চাইলে তা পড়তে পারেন। নিয়ত উচ্চারণের চেয়ে নিয়ত করা অধিক গুরুত্বপূর্ণ।

রোজার আরবি নিয়ত:

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

ইফতারের দোয়া:

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
(আবু দাউদ, হাদিস: ২৩৫৮)

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বিভাগভিত্তিক সময়সূচি নিজ নিজ জেলার জন্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com