ডেস্ক রিপোর্ট
মুন্সীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোর অটোরিকশাচালক শাকিল হাদারী হত্যা ও মরদেহ গুমের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মেনহাজুল আলম এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমসুরা গ্রামের রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) ও দক্ষিণ ইসলামপুর গ্রামের মো. ইউসুফ গাজী (৬০)।
পুলিশ সুপার জানান, মূল অভিযুক্ত শরীফ সুলতান আফসু জুয়া খেলার সময় ফুফাতো ভাইয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নেয়। পরে টাকা ফেরত চাওয়ায় অপমানিত হয়ে বন্ধুদের সঙ্গে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, পূর্বপরিচিত চালক শাকিলকে ঘুরতে যাওয়ার কথা বলে অটো ভাড়া নেয় তারা। পৌরসভার গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে অন্ধকার হলে গলায় মাফলার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়।
হত্যার পর অটোরিকশার যন্ত্রাংশ খুলে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। নিহতের মোবাইল ফোন ২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলেও জানায় পুলিশ।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে নিখোঁজ হন শাকিল। নিখোঁজের ২০ দিন পর ১৫ ফেব্রুয়ারি সকালে চর কিশোরগঞ্জ এলাকার নদীর ধারে একটি চরে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















Leave a Reply