জবিতে দল-মতের ঐক্য বজায় থাকবে: শিক্ষক সমিতি সভাপতি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ বিদ্যমান বিভিন্ন দল ও মতের মধ্যে ঐক্য আগামী দিনগুলোতেও অটুট থাকবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হলেও বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে শিক্ষক সমাজ দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ ভূমিকা পালন করবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিচালনা নিয়ে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং একাডেমিক পরিবেশ শক্তিশালী করতে শিক্ষক সমিতি, সাদা দল ও ইউট্যাব সমন্বিতভাবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দর্শনকে সামনে রেখে আগামীর কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।

এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানান। পাশাপাশি দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ১৯৭১ সালের পর অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। তিনি নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বিজয়ে দলটিকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় ন্যায়বিচার ও মানবিকতার আদর্শ অনুসরণ জরুরি। একই আদর্শে বিশ্ববিদ্যালয় পরিচালিত হলে জবির অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্বেষমূলক বক্তব্য পরিহার করে ধর্ম, মত ও পথ নির্বিশেষে একটি নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি একটি আদর্শ ও মডেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ শিক্ষক সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com