ডেস্ক রিপোর্ট
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-র কাছে আটক থাকা ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ-এর জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।
ফেরত আসা ৭৩ জনের মধ্যে ৬৬ জন বাংলাদেশি ও ৭ জন রোহিঙ্গা রয়েছেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে এসব জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে তাদের ফেরত আনা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে আটকে পড়া বাকিদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আরাকান আর্মির দাবি, জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল।
দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে আবেগাপ্লুত জেলেরা। শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা নুরুল আবছার বলেন, ফিরে আসব ভাবিনি, প্রতিটি দিন মৃত্যুর মতো ছিল। আল্লাহ অবশেষে পরিবারের মুখ দেখার সুযোগ দিয়েছেন।
প্রায় এক বছর পর সন্তানকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পিতা আব্দুল হামিদ। তিনি বলেন, ভেবেছিলাম আর ফিরবে না। গত এক বছর দুশ্চিন্তায় কেটেছে প্রতিটি দিন-রাত।
তবে এখনো অনেক জেলে ফেরেননি। তাদের পরিবার আশা করছে, ৭৩ জনের মতো বাকিরাও দ্রুত দেশে ফিরবেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলীয় জলসীমা থেকে অন্তত ৪২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।















Leave a Reply