সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল জব্দ

মোঃ জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। তথ্যানুযায়ী, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ৪টা ১০ মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম রামখানা এলাকা (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এবং ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১টায় দিঘলটারী বিওপির আওতাধীন মান্নানের চৌপতি এলাকা (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে টহলদল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪০ বোতল ইস্কাফ সিরাপ এবং ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ৫ কেজি গাঁজার সিজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা, ৪০ বোতল ইস্কাফ সিরাপের সিজার মূল্য ১৬ হাজার টাকা এবং ৫০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার মূল্য ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ৮৩ হাজার ৫০০ টাকা। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com