ডেস্ক রিপোর্ট
ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ঢাকা বার ইউনিট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ ও অ্যাডভোকেট ফারিদ উদ্দিন প্রমুখ।
আহ্বায়ক মো. মমিনুল ইসলাম বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে দীর্ঘদিন নির্বাচনবিহীন যে সংস্কৃতি চালু হয়েছে, তার নিরসনে আমরা আইনজীবী অধিকার পরিষদের নেতৃত্বে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ প্রয়োগ এবং আলাদা আইনজীবী ঐক্য প্যানেল দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা নির্বাচনে এককভাবে প্যানেল দিয়ে অংশগ্রহণ করব।”
সদস্য সচিব হাবিবুর রহমান যোগ করেন, “আমরা সাধারণ আইনজীবীদের উদ্বুদ্ধ করে দ্রুত নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় সাধন এবং কার্যকর নেতৃত্ব প্রদানের জন্য আমাদের আইনজীবী ঐক্য প্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে ইচ্ছা প্রকাশ করেন অ্যাডভোকেট শেখ শওকত হোসেন। তিনি বলেন, “আইনজীবী অধিকার পরিষদ শুধু আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে না; বরং ন্যায়বিচার, আইনের শাসন এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।”















Leave a Reply