ডেস্ক রিপোর্ট
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সার্জেন্টসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ময়মনসিংহগামী সেনাবাহিনীর একটি মালবাহী ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।
তিনি আরও জানান, গুরুতর আহত সেনাবাহিনীর এক সার্জেন্টকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে।















Leave a Reply