ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকারের বিষয় নয়, বরং দেশটিতে প্রবেশের অনুমতিপত্র—এ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।
মঙ্গলবার হাঙ্গেরি সফরকালে রাজধানী বুদাপেস্ট-এ দেশটির প্রেসিডেন্ট ভিক্টর অরবান-এর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুবিও বলেন, “ভিসা কোনো অধিকার নয় এবং কেউ ভিসা পাওয়ার অধিকারীও নয়। এটি যুক্তরাষ্ট্রে দর্শনার্থী হিসেবে প্রবেশের একটি সুযোগ মাত্র। কেউ পর্যটক, শিক্ষার্থী বা সাংবাদিক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। কিন্তু প্রবেশের পর যদি তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ান, তাহলে আমরা তার ভিসা বাতিল করবো।”
তিনি আরও বলেন, কোনো আবেদনকারীর বিরুদ্ধে যদি আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী তৎপরতায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়, তাহলে তাকে ভিসা দেওয়া হবে না।
সম্প্রতি ৭০টিরও বেশি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রায় ৭৫টি দেশের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার দাবি, এসব দেশের কিছু অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে দীর্ঘদিন ধরে দেশটির নাগরিকদের কাছ থেকে “অগ্রহণযোগ্য মাত্রায়” সুযোগ-সুবিধা নিচ্ছে।
এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চললেও যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান বজায় রাখবে বলেও ইঙ্গিত দেন রুবিও।















Leave a Reply