ডেস্ক রিপোর্ট:
জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার Mesut Özil আকস্মিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। বাংলাদেশে জার্মানির অসংখ্য সমর্থক থাকলেও অন্যান্য দলের ভক্তদের কাছেও ওজিল সমান জনপ্রিয়। তার ভদ্র ও মানবিক আচরণ এবং ধর্মীয় জীবনাচার তাকে ভক্তদের কাছে আলাদা মর্যাদা দিয়েছে।
বুধবার বিকেলে তিনি একেবারে নিভৃতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এক ঘণ্টারও কম সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি মধ্যমণি থাকলেও কোনো বক্তব্য দেননি, গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি।
অনুষ্ঠান শুরুর প্রায় ১৫ মিনিট আগে শিক্ষার্থীরা তার আগমনের খবর জানতে পারেন। এরপরও অনেকে ক্লাস ও অন্যান্য কাজ ফেলে তাকে এক নজর দেখার জন্য উপস্থিত হন। কয়েকজন শিক্ষার্থী কাছ থেকে ছবি তোলার সুযোগ পান। ডাকসু ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও ভিপি সাদিক কায়েম সংক্ষিপ্ত সময়ের জন্য ওজিলের সঙ্গে কথা বলেন।
ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, দীর্ঘদিন অকার্যকর থাকা মেডিকেল সেন্টারের প্রায় তিন কোটি টাকার সংস্কারকাজ স্পন্সর করেছে তুর্কি দাতব্য সংস্থা Turkish Cooperation and Coordination Agency (TIKA)। এ উপলক্ষে টিকার কান্ট্রি ডিরেক্টর ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর ছেলে Bilal Erdoğan উপস্থিত ছিলেন। মূলত বিলাল এরদোয়ানের সঙ্গেই ওজিল বাংলাদেশে আসেন।
কায়েম আরও জানান, বাংলাদেশ সম্পর্কে ওজিল ও বিলাল এরদোয়ান আগে থেকেই অবগত ছিলেন। এমনকি তারা দেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনায় ওজিল আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
ডাকসুর পক্ষ থেকে ওজিলকে স্মারক উপহার দেওয়া হয়। জানা গেছে, তিনি আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন। এরপর বাংলাদেশ ত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।















Leave a Reply