রমজানের প্রথম দিনেই রাজধানীতে পেঁয়াজের দামে অস্থিরতা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে বর্তমানে ভালো মানের পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতারা জানান, মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া, পরিবহন খরচ বৃদ্ধি এবং রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ার কারণে পাইকারি বাজারেই দাম বেড়েছে। ফলে খুচরা পর্যায়ে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের বিকল্প নেই।

বর্তমানে ছোট আকারের পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হলেও ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে মিলছে না।

অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। একাধিক ক্রেতা অভিযোগ করেন, গত সপ্তাহেও দুই কেজি পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়া গেলেও এখন একই পরিমাণ কিনতে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।

রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে অসন্তোষ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বাজারে কার্যকর মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com