রমজান উপলক্ষে আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি অফিস-আদালত ও ব্যাংক

ডেস্ক রিপোর্ট

পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নতুন সময়সূচি অনুযায়ী চলবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত (১৫ মিনিট) জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি

বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী, রমজানে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।

আদালতের কার্যক্রম

রমজান মাসে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আদালত অঙ্গনেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি কার্যকর থাকবে।

জরুরি সেবার সময়সূচি

ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ ও নিজস্ব আইন অনুযায়ী আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রমজান মাসে সরকারি সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এ নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com