সোনারগাঁওয়ে মোবাইল চোর সন্দেহে ৫ জনকে ছুরিকাঘাত, আটক ১

ডেস্ক রিপোর্ট:

সোনারগাঁও উপজেলা–এর কাঁচপুর এলাকায় মোবাইল চোর সন্দেহে পাঁচজনকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার পর অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আহতরা হলেন— নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারটেক্স খেলার মাঠ থেকে নিরব মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় আমিন মিয়াকে সন্দেহ করা হয়। পরে নিরবসহ ৫-৭ জন তার কাছে মোবাইল ফেরত চেয়ে কথা বলতে গেলে একপর্যায়ে আমিন তাদের মাঠে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটির সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পাঁচজনকে গুরুতর জখম করেন।

চিৎকার শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গুরুতর আহত নিরব মিয়ার খালা শিউলি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। মামলা নথিভুক্ত করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com