ডেস্ক রিপোর্ট:
জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশে সড়কে স্থাপিত চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার চরমুচুরিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় পুলিশ সদস্যরা চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করা হলে ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা একটি শিশু অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
এ বিষয়ে শেরপুর সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, বিস্তারিত তথ্য জানতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।















Leave a Reply