ডেস্ক রিপোর্ট
প্রকল্পের সুফল দেশের সব মানুষের মাঝে, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে পৌঁছে দিতে চায় সরকার। এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়-এ প্রথম কার্যদিবসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যারা পরিশ্রম করে সম্পদ সৃষ্টি করেন, সেই শ্রমজীবী মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।
উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনো প্রকল্প থামিয়ে দিতে চায় না। প্রয়োজনীয় পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে উন্নয়নের গতি বজায় রাখা হবে। কোথাও অনিয়ম বা দুর্বলতা থাকলে তা সংশোধন করা হবে, তবে উন্নয়ন কার্যক্রম স্থবির হতে দেওয়া হবে না।
পরিকল্পনা মন্ত্রণালয়কে সরকারের গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান, সুশাসন এবং অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে গুণগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ভবিষ্যতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















Leave a Reply