ডেস্ক রিপোর্ট
মালদ্বীপের জাতীয় উড়োজাহাজ সংস্থা Maldivian আজ তাদের ঢাকা সিটি অফিস উদ্বোধন করেছে। একই সঙ্গে আগামী ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে এয়ারলাইন্সটি। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন—রোববার ও বৃহস্পতিবার—ফ্লাইট পরিচালিত হবে। রিটার্ন ভাড়া শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা) থেকে। যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ সুবিধা ও অনবোর্ড খাবার পাবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান অ্যাভিনিউর তাজ ম্যারিয়ট ভবনে মালদিভিয়ানের সিটি অফিসের উদ্বোধন করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম ইব্রাহিম ইয়াস। এ সময় উপস্থিত ছিলেন গ্রাউন্ড অপারেশন পরিচালক আহমেদ ইব্রাহিম, জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহামেদ সাফাহ এবং বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম ইয়াস বলেন, এই রুট পুনরায় চালু করা মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়কে সেবা দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, ঢাকা মালদিভিয়ানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এই উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করবে।
উদ্বোধনের পর মালদিভিয়ানের প্রতিনিধিদল Civil Aviation Authority of Bangladesh-এর চেয়ারম্যান এবং Biman Bangladesh Airlines-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মালদিভিয়ান কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের চাহিদার প্রেক্ষাপটে এই রুট পুনরায় চালু করা হয়েছে। রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী চলাচল বৃদ্ধির সময়কে সামনে রেখেই সেবা চালু হচ্ছে, যা বিদেশগামী মালদ্বীপের নাগরিক ও দেশে ফেরা বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে।
বর্তমানে মালদিভিয়ানের বহরে রয়েছে ২৬টি উড়োজাহাজ—এর মধ্যে একটি ওয়াইড-বডি এয়ারবাস এ৩৩০, একটি ন্যারো-বডি এয়ারবাস এ৩২০, পাঁচটি এটিআর, আটটি ড্যাশ ৮ এবং এগারোটি ড্যাশ ৬ টুইন অটার—যেগুলো দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।















Leave a Reply