লালমনিরহাট
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠ দখল করে বাড়িঘর, দোকানপাট ও হোটেল নির্মাণের অভিযোগে দখলমুক্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে চন্দ্রপুর ইউপি মাঠ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউপি মাঠের জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার একমাত্র উন্মুক্ত স্থানটি সংকুচিত হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার জন্য প্রয়োজন উন্মুক্ত মাঠ। কিন্তু মাঠের জায়গা দখল করে দোকান, বাড়িঘর ও হোটেল নির্মাণ করায় যুবসমাজ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠ দখলমুক্ত করার দাবি জানান।
মানববন্ধন থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
















Leave a Reply