জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রাতিষ্ঠানিক সুবিধার’ আড়ালে পুনরায় পোষ্য কোটা চালুর অভিযোগ উঠেছে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে পোষ্য কোটা চালুর সিদ্ধান্ত স্থগিত না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭টায় এই খবর লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি বজায় রেখেছেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত সময়ে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল বৈষম্যমূলক পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা। গতবছর শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এ কোটা বাতিল করা হয়। পরবর্তীতে জাকসুর মুলা ঝুলিয়ে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে এটি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”
তিনি আরও বলেন, “কিছুদিন আগে পোষ্য কোটা ফিরিয়ে আনা নিয়ে জাকসুর সঙ্গে বৈঠক করে প্রশাসন। যেখানে আমরা জানিয়ে দিয়েছিলাম জাকসু, হল সংসদ প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের মতামত না নিয়ে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। কিন্তু প্রশাসন আগের ন্যায় জাকসুর মতো রমজানকে ইস্যু করে পোষ্য কোটা ফিরিয়ে আনছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আগামীকাল বেলা ১১টার মধ্যে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত না করা হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্রায় দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নেতৃবৃন্দের সংহতি প্রকাশ কিংবা তাদের অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এই বিষয়ে জানতে চেয়ে জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।















Leave a Reply