চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৫, আশঙ্কাজনক আরও ৪

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাখাওয়াত হোসেন (৪৯)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

চিকিৎসকরা জানান, সাখাওয়াত হোসেন ১০০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে সোমবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার সময় মারা যান নুরজাহান আক্তার রানী। মঙ্গলবার সকালে মারা যান তার ছেলে শাওন (১৬)। একইদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামির আহমেদ সুমন (৪০) এবং রাত পৌনে ১১টার দিকে মারা যান আশুরা আক্তার পাখি (৩৫)।

এ নিয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো। বর্তমানে চিকিৎসাধীন বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

ঘটনার পর স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গ্যাস লাইনের নিরাপত্তা ও নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com