ডেস্ক রিপোর্ট
ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্তমান সমাজব্যবস্থা এবং নিজের ব্যক্তিগত সংকল্প নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।
স্বস্তিকা জানিয়েছেন, ছোটবেলা থেকেই পাড়া-প্রতিবেশীদের ‘মামা’, ‘কাকা’ বা ‘দাদা’ সম্বোধন শোনার অভিজ্ঞতা তার জীবনের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে। তবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মায়ের মৃত্যুর দিন। তিনি বলেন, “মায়ের মৃত্যুর পরদিন প্রতিবেশীরা এসে জানতে চাইছিলেন মরদেহ দাহ করা হয়েছে কি না। সেই দিনটাই আমার জন্য ‘আই ওপেনার’ ছিল। তখন থেকে আমি বুঝেছি, বর্তমান পৃথিবীতে সবাই মূলত নিজের ব্যস্ততায় লিপ্ত।”
সমাজ ও সোশ্যাল মিডিয়া বিষয়ে স্বস্তিকার মন্তব্য, “এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়, কারণ এতে ‘জিরো এফোর্ট’ লাগে। মানুষের তৎপরতার মধ্যে সত্যতা নেই। ভিউ যদি বাস্তবে প্রতিফলিত হতো, তবে প্রতিটি বাংলা সিনেমা ২০ কোটি টাকার ব্যবসা করত।”
নতুন পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। নতুন আইডিয়া ভালো হলেও টেকনিক্যাল জ্ঞান না থাকলে কাজ করা কঠিন হয়ে যায়। প্রয়োজনে সেটে তিনি বকাবকি করতেও দ্বিধা করেন না।
অভিনেত্রী আরও বলেন, “যে টিম বিশ্বকাপ জিতে ফিরল, তাদেরও আমরা ‘মহিলা ক্রিকেট টিম’ বলে সম্বোধন করেছি। কেউ একবারও ‘ইন্ডিয়ান ক্রিকেট টিম’ বলেনি। সবকিছুর আগে ‘মহিলা’ ট্যাগ লাগিয়ে আলাদা করা হয়।”
স্বস্তিকার ২০২৬ সালের রেজোলিউশন হলো ট্রোলকে উপেক্ষা করা। যদিও এই বছর ইতিমধ্যেই দু’বার উত্তর দিয়েছেন, তবে চেষ্টা করছেন নিজেকে শান্ত রাখার।















Leave a Reply