ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শাহ জামাল (৫৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার নাসির ডাক্তারের গলি সংলগ্ন অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ জামাল কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার চর শিতাইঝাড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি একজন ঠিকাদার ছিলেন। কাজের সুবাদে কুষ্টিয়ার পুলিশ লাইনসের সামনে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্ব মজমপুরের ওই রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় হঠাৎ রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়।
আহত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করে দ্রুত ওই রেলক্রসিংয়ে গেট ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ-এর উপপরিদর্শক (এসআই) নাছির খান জানান, রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটি এসে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরেকজন আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।















Leave a Reply