অনলাইন ডেস্ক
এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু খুচরা বিক্রেতা (রিটেলার) সুযোগ নিচ্ছেন। এ কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি জানান, ভোক্তা পর্যায়ে যাতে ভোগান্তি না হয়, সে লক্ষ্যে অর্থপূর্ণ আলোচনা হয়েছে। আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা তুলেছেন, সেগুলোর সমাধানে সরকার কাজ করবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। এতে এলপিজির দাম আগের জায়গায় ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও জানান, ৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় রয়েছেন। এতে কিছু সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)–এর স্টোরেজ সক্ষমতা সীমিত। তবে বেসরকারি ফ্যাসিলিটিগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
সরকার দ্রুত সমস্যার সমাধান করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।















Leave a Reply