জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে এটি আয়োজিত হয়।
এই ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)–এর সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় জাবি প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহিদ ও জাবিসাসের সভাপতি মেহেদী মামুন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান বলেন, “চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে সারাদেশের ন্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকগণ অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবনের মায়া ত্যাগ করে তারা ছাত্রলীগের সন্ত্রাসী ও পুলিশ লীগের বিরুদ্ধে ক্যামেরা উঁচিয়ে জাতির নিকট সত্য প্রকাশে আপসহীন ভূমিকা পালন করেছেন। এতে আমাদের অনেক সাংবাদিক আহত ও গুলিবিদ্ধ হয়েছেন তবুও তারা পিছপা হননি। আশা করি– আগামী দিনেও বিশ্ববিদ্যালয় ও দেশের যেকোনো ক্রান্তিকালে তারা দর্পণ হিসেবে জাতিকে পথ দেখাবেন।”

জাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “গণমাধ্যম জাতির দর্পণ আর সাংবাদিকগণ জাতির বিবেক। দেশের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলন ও দুর্দিনে সাংবাদিকগণ আমাদেরকে সুপথ দেখিয়েছে। জুলাই বিপ্লব জাবির সাংবাদিকগণ সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তাই আমরা আশা রাখি– তারা এই জুলাই বিপ্লবকে জাতীয় জীবনে ধারণ করবেন এবং জাতির নিকট পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলবেন। আজকের আমাদের এই ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন তাঁদেরকে সম্মানিত করার একটি ক্ষুদ্র প্রয়াসমাত্র।”















Leave a Reply