ডেস্ক রিপোর্ট
গাজীপুর–এ পৃথক দুই স্থান থেকে আগুনে পোড়ানো দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা লাশ দুটি বনের ভেতর নিয়ে পুড়িয়ে দিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমি সড়কের বিন্দাবন এলাকার গজারি বনের ভেতর প্রায় ২০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অপরদিকে গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় দুইদিন আগে নিখোঁজ হওয়া মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে ভবানীপুর এলাকার বনের ভেতর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, শ্রীপুর ও ভবানীপুর এলাকা থেকে দুইজনের আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।















Leave a Reply