মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ডেস্ক রিপোর্ট:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তারা সতর্ক করে বলেছে, “শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।” একই সঙ্গে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলেও উল্লেখ করা হয়।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তর ও জর্ডানেও হামলার দাবি করা হয়েছে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তেহরান এ ঘটনাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলে দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com