ডেস্ক রিপোর্ট
ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ ফুডকোর্ট, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এসব স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—এমন অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, বিরুলিয়া ব্রিজ সংলগ্ন সড়কের পাশে সওজের মালিকানাধীন জায়গায় বাঁশ, টিন ও পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে একাধিক খাবারের দোকান ও ফুডকোর্ট। এছাড়াও নতুন নতুন অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে।
বিরুলিয়া-সাভার সংযোগ সড়কটি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে রাজধানীর আশপাশের মানুষের কাছে একটি জনপ্রিয় ঘোরার স্থান হয়ে উঠেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে শত শত দর্শনার্থীর ভিড় দেখা যায় এখানে। সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দোকানপাট বসিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এসব দোকান বসিয়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বিকেলের পর বিরুলিয়া ব্রিজ এলাকায় শত শত মানুষ ঘুরতে আসে। সেই সুযোগে কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা তৈরি করে চাঁদা তুলছে। দোকানগুলোর সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিরুলিয়া ব্রিজ ফুডকোর্টের এক চায়ের দোকানি জানান, ফুডকোর্টটির মালিক বিকাশ নামে এক ব্যক্তি। প্রতিদিন তাকে প্রায় আড়াইশ টাকা করে ভাড়া দিতে হয়। তবে জমি তার কি না সে বিষয়ে তারা কিছু জানেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সড়কের জমিতে যেকোনো স্থাপনা তৈরি করা অবৈধ। আমরা বিষয়টি পরিদর্শন করেছি। সড়কের জমি থেকে দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হবে। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।















Leave a Reply