ডেস্ক রিপোর্ট:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন সৌদি আরব, ১ জন বাহরাইন এবং ১ জন দুবাইয়ে মারা গেছেন। এছাড়া অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৯ মার্চ) দুবাইয়ে নিহত আহমদ আলীর লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই প্রবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ দ্রুত দেশে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে বলেন, সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলতে হবে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া আইনবিরোধী কোনো কনটেন্ট সামাজিক মাধ্যমে প্রচার না করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “বাংলাদেশের কাছে নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ।” তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিহত আহমদ আলীর মরদেহ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পরিবারের কাছে পৌঁছে দেবেন।















Leave a Reply