ডেস্ক রিপোর্ট
বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন ডেনিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শত শত শ্রমিক।
এ সময় ঢাকাগামী ও চট্টগ্রামমুখী উভয় লেনেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুটম্বপুর থেকে নুড়িতলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও বোনাস দ্রুত পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।















Leave a Reply