মধ্যপ্রাচ্যের সংঘাতে শিশুদের ভয়াবহ বিপর্যয়, ১১০০-র বেশি নিহত বা আহত: সতর্ক করল UNICEF

ডেস্ক রিপোর্ট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিশুদের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে এক হাজার ১০০-র বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

বুধবার এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু ও সাধারণ মানুষ। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ জন, ইসরায়েলে ৪ জন এবং কুয়েতে ১ জন শিশু প্রাণ হারিয়েছে।

ইউনিসেফ হুঁশিয়ারি দিয়ে বলেছে, সহিংসতা যত বাড়ছে এবং সংঘাত যত বিস্তৃত হচ্ছে, শিশুদের হতাহতের সংখ্যাও তত বাড়ার আশঙ্কা রয়েছে।

যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অবিরাম বোমা হামলার আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে। এতে শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের হত্যা, পঙ্গু করা কিংবা তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবা ধ্বংস করার কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন হুমকির মুখে রয়েছে বলে উল্লেখ করে দ্রুত সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

সূত্র: Al Jazeera Media Network.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com