বাগেরহাটে মর্মান্তিক দুর্ঘটনা: একসঙ্গে ৯ স্বজনের দাফন, কান্নায় ভারী আকাশ-বাতাস

ডেস্ক রিপোর্ট

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে মোংলা কবরস্থানে পাশাপাশি কবরে ৯ জনকে দাফন করা হয়।

জানাজার আগে পরিবারের নিহত সদস্যদের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন স্বজনহারা আশরাফুল আলম জনি। তিনি বলেন, বাবা, ভাই, স্ত্রী, সন্তানসহ পরিবারের প্রায় সবাইকে হারিয়েছেন তিনি। কারও যদি কোনো দেনা-পাওনা থাকে তা জানালে পরিশোধ করার কথাও জানান তিনি।

এদিকে একই দুর্ঘটনায় নিহত কনেপক্ষের চারজনের জানাজা কয়রা উপজেলার নকশা গ্রামে এবং মাইক্রোবাস চালক নাঈমের জানাজা রামপাল উপজেলার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৪ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com