পাবনায় হাম-রুবেলা সংক্রমণ বেড়েছে, শুরু বিশেষ টিকাদান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট:

পাবনায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে জেলা সদরের চরঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পাবনা সদর উপজেলায় মোট ৫৫ হাজার ৬৫৭ শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২৬ হাজার ৫৫৮ জন শিশু অন্তর্ভুক্ত। এছাড়া আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলাসহ জেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য বিভাগ জানায়, সম্প্রতি জেলা সদরের হিমায়েতপুর ও দোগাছি এলাকায় হাম রোগের সংক্রমণ তুলনামূলক বেশি দেখা গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে জেলা সদর হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে ২৫ জন শিশু হাম ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত তিন মাসে হাম আক্রান্তে দুইজন শিশুর মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু হলেও একজন ২২ বছর ও আরেকজন ৩৬ বছর বয়সী রোগী রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ। তাই নির্ধারিত কেন্দ্রে এসে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com