তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

হাসনাত, জবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে ‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নম্বর কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। এতে লেখালেখিতে ক্যারিয়ার গঠন, উপার্জনের সুযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন, “ছাত্রজীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে ভবিষ্যতে বড় গণমাধ্যমে কাজের সুযোগ তৈরি হয়। তাই লক্ষ্য নির্ধারণ করে পড়াশোনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যেতে হবে।”
প্রধান আলোচক ‘আজকের পত্রিকা’র সহ-সম্পাদক আব্দুর রহমান বলেন, “লেখালেখি থেকে আয় করতে চাইলে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। নিজের আগ্রহ অনুযায়ী ক্ষেত্র নির্বাচন করতে হবে।”
অন্যতম আলোচক ‘দি ডেইলি সান’-এর রিপোর্টার আসাদুল ইসলাম বলেন, “বর্তমানে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখির সুযোগ বেড়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহার না জানলে পিছিয়ে পড়তে হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হলেও এটি মানুষের বিকল্প নয়।”
জবি শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই একজন মানবিক লেখকের স্থান নিতে পারবে না। অভিজ্ঞ মানুষের সঙ্গে কথা বলাও শেখার গুরুত্বপূর্ণ অংশ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জবি শাখার সভাপতি মুশফিকুর রহমান ইমন। সাধারণ সম্পাদক সোহান ফরাজীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রিমি।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মায়িশা ফাহমিদা ইসলামসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com