জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবি জকসুর

হাসনাত, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৫ এপ্রিল) জকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এসব দাবি জানানো হয়।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী বুলেট বৈরাগী পড়াশোনা শেষ করে কাস্টমস বিভাগে কর্মরত ছিলেন। সম্প্রতি চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে তিনি দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে জকসুর বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা এবং সম্ভাবনাময় তরুণকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এই ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই প্রকাশ করে। এতে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

উল্লেখ্য, শনিবার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com