হাসনাত, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের তারিখ ২ নভেম্বর এবং প্রতিষ্ঠার তারিখ ২০ অক্টোবর। এই প্রেক্ষাপটে আগামী বছর থেকে প্রতি বছর ২ নভেম্বর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে সংগীতশিল্পী জেমসকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জবির সঙ্গে সম্পৃক্ত সবাই এ আয়োজনে অংশ নেবেন।
তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য বলেন, একজন অভিভাবকের কাছে সন্তানের সাফল্যই সবচেয়ে বড় আনন্দ। শিক্ষার্থীদের অগ্রগতিতে তিনি গর্বিত এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ ও সমন্বিত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল।
















Leave a Reply