বুলেট বৈরাগী হত্যা: বিচারের দাবিতে জকসুর মানববন্ধন

হাসনাত, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যার প্রতিবাদে তার খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে সংহতি জানান।

মানববন্ধনে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। তিনি অভিযোগ করেন, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা গেলে বুলেট বৈরাগীকে এভাবে প্রাণ দিতে হতো না। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় না আনলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, বিপুল আসনে জয়লাভ করেও সরকার নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে মানুষের নিরাপত্তা উপেক্ষিত হচ্ছে। বিচার নিশ্চিত না হলে কঠোর প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, জনগণ পরিবর্তনের আশায় জীবন বাজি রাখলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, যে রাষ্ট্র একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির মুখোমুখি হওয়া উচিত।

মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com