হাসনাত, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনালে উত্তীর্ণ শিক্ষার্থী হাবিবুর রহমানকে ক্রীড়া সামগ্রী (ব্যাট) উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই মেধাবী খেলোয়াড়ের হাতে শাহরিয়ার হোসেন ব্যক্তিগতভাবে এই উপহার তুলে দেন।
এই উদ্যোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা একজন শিক্ষার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করে। হাবিবুর রহমানের মতো প্রতিভাবান খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিয়মিত নিজেদের মেধার স্বাক্ষর রাখছে। খেলাধুলার পরিবেশকে আরও বেগবান করতে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
ব্যাট উপহার প্রদানকারী নেতা শাহরিয়ার হোসেন বলেন, হাবিবুর রহমান তার পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টে নজর কেড়েছেন। তার এই সাফল্যকে স্বীকৃতি দিতেই আমরা এই ক্ষুদ্র উপহারের আয়োজন করেছি। আমরা চাই জবির শিক্ষার্থীরা খেলাধুলায় আরও এগিয়ে যাক।
অনুপ্রেরণামূলক এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী হাবিবুর রহমান। তিনি বলেন, “এই স্বীকৃতি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের হয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করব।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলে সেমিফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেন সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী।
















Leave a Reply