ডেস্ক রিপোর্ট
সাভারের আশুলিয়ার বাংলা বাজার গোমাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত এসআই মনিরুল ইসলামকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের জখম রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত।
পুলিশ সূত্র জানায়, সোহেল শিকদার স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত অপর তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পরপরই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে নরসিংহপুরের চক্রবর্তী গ্রামে গেলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়।
এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ।
















Leave a Reply