জাবি প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার কমপ্লেক্সের জরুরি সংস্কার, উন্নয়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বসম্পন্ন স্থাপনা। কিন্তু বিগত ফ্যাসিস্ট শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পবিত্র স্থাপনাটি চরম অবহেলা ও অবজ্ঞার শিকার হয়েছে। এমনকি মাজারটির নাম পরিবর্তনসহ একে অরক্ষিত রেখে জাতীয় ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়েছিল বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপোষহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তাঁকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়েছে। ফলে এই মাজার প্রাঙ্গণের গুরুত্ব ও আবেগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রে পরিণত হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জাবি ছাত্রদলের পক্ষ থেকে একাধিকবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাজার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়েও অবগত করা হয়েছে। তবে দুঃখজনকভাবে মাজার কর্তৃপক্ষ এখনো চরম উদাসীনতা ও দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে।
জাবি ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, এ ধরনের অবহেলা শুধু একটি স্থাপনার প্রতিই নয়, বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস, আদর্শ ও আত্মত্যাগের প্রতি সরাসরি অসম্মান।
এমতাবস্থায় স্মারকলিপির মাধ্যমে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— মাজার কমপ্লেক্সের অবিলম্বে সংস্কার ও পবিত্রতা রক্ষা, আধুনিক ও মানসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণ, সার্বক্ষণিক তদারকি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা গঠন, পূর্বের অবহেলা ও গাফিলতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মাজারের ঐতিহাসিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করে একে জাতীয় গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক স্মারকলিপিতে আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে দ্রুত দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু করবে। অন্যথায়, সাধারণ জনগণ ও ছাত্রসমাজ তাদের জাতীয় আবেগের অবমাননা কোনোভাবেই মেনে নেবে না বলেও সতর্ক করেন তারা।
আরিফ/দেশনিউজবিডি24
















Leave a Reply