মাস শেষেও বেতন পাননি? মাথা ঠাণ্ডা রাখবেন যেভাবে

মাস শেষেও বেতন পাননি? মাথা ঠাণ্ডা রাখবেন যেভাবে

আকাশ চন্দ্র পাপ্পু,

মাস গড়িয়ে গেলেও বেতন না পাওয়া এখন অনেক কর্মীর জন্য অস্বস্তিকর বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে তাকিয়ে থাকা, বিলের হিসাব কষা আর অফিসের প্রতিশ্রুত ‘আসছে শিগগিরই’ শুনে দিন কাটানো- এই অভিজ্ঞতা কারও কারও জন্য যেন নতুন নিয়মেই পরিণত হয়েছে। তবে এই পরিস্থিতিতে আবেগে ভেসে গেলে সমস্যার সমাধান তো হবেই না, বরং মানসিক চাপই বাড়বে।


মাথা ঠাণ্ডা রাখার কিছু বাস্তব কৌশল

আবেগ নয়, বাস্তবতায় থাকুন

স্যালারি না পাওয়া মানেই চাকরি ছেড়ে দেবেন এমনটা ভাবলে নিজের চাপই বাড়বে। আগে বুঝতে চেষ্টা করুন, সমস্যাটা কোথায়। কোম্পানির আর্থিক সমস্যা, প্রশাসনিক বিলম্ব নাকি অন্য কোনো কারণ? সহকর্মীদের সঙ্গে কথা বলুন, পরিস্থিতি যাচাই করুন। আবেগে হঠাৎ সিদ্ধান্ত নেয়ার আগে বাস্তব চিত্রটা পরিষ্কার করা জরুরি।

যোগাযোগই হতে পারে সমাধান

চুপচাপ রাগ জমিয়ে রাখলে পরিস্থিতি আরও জটিল হবে। এইচআর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভদ্রভাবে যোগাযোগ করুন। লিখিতভাবে জানতে চাইতে পারেন স্যালারি কবে পাওয়া যাবে, বিলম্বের কারণ কী। এতে একদিকে যেমন আপনার অবস্থান পরিষ্কার হবে, অন্যদিকে কর্তৃপক্ষও বিষয়টিকে গুরুত্ব দেবে।

খরচে আনুন নিয়ন্ত্রণ

এই সময়টায় অপ্রয়োজনীয় খরচ একদম কমিয়ে ফেলুন। জরুরি খরচগুলো তালিকাভুক্ত করুন- খাবার, ভাড়া, ওষুধ ইত্যাদি। সাময়িকভাবে বিলাসী খরচ বন্ধ রাখুন। প্রয়োজন হলে পরিবারকে বিষয়টি জানিয়ে তাদের সহযোগিতা নিন।

বিকল্প পথ খুঁজুন

অফিসের কাজের পাশাপাশি পার্ট-টাইম কাজ, ফ্রিল্যান্সিং বা টিউশনি যা সম্ভব, তা বিবেচনায় আনুন। এতে অন্তত নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো সহজ হবে। একইসঙ্গে নিজের দক্ষতাও কাজে লাগানো যাবে।

মানসিক চাপ সামলান

এই ধরনের পরিস্থিতিতে মানসিক চাপ বেড়ে যাওয়া স্বাভাবিক। নিয়মিত হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। কাছের মানুষদের সঙ্গে কথা বলুন, নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন, চাপ সামলে রাখাই এই সময়ের সবচেয়ে বড় শক্তি।

প্রয়োজনে আইনি দিক জানুন

দীর্ঘদিন স্যালারি না পেলে শ্রম আইন অনুযায়ী আপনার অধিকার রয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনগত পরামর্শ নিতে পারেন। তবে প্রথমেই সংঘাতে না গিয়ে আলোচনার পথেই সমাধান খোঁজার চেষ্টা করুন।

স্যালারি দেরি হওয়া নিঃসন্দেহে কষ্টের, কিন্তু এই সময়েই আপনার ধৈর্য আর বিচক্ষণতা সবচেয়ে বেশি পরীক্ষা দেয়। মাথা ঠাণ্ডা রেখে, পরিকল্পনা করে এগোলে কঠিন সময়টাও পার করা সম্ভব। মনে রাখবেন ঝড় থেমে যায়, যদি আপনি ভেঙে না পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com