বাজেটে জাবির শিক্ষার্থী প্রতি বরাদ্দ প্রায় ২ লাখ ৬৮ হাজার টাকা

জাবি প্রতিনিধি,

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বাজেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ইউজিসির তথ্য অনুযায়ী, রাজস্ব বাজেটের দিক থেকে দেশের ৪ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাবির জন্য অনুমোদিত ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব বাজেট দেশের অন্যতম বড় বরাদ্দগুলোর একটি।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর হিসাব অনুযায়ী, এ বাজেটে একজন শিক্ষার্থীর জন্য গড়ে প্রায় ২ লাখ ৬৮ হাজার ২৩১ টাকা বরাদ্দ পড়ছে। অর্থাৎ প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে গড়ে আড়াই লাখ টাকারও বেশি ব্যয় করার সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা, গবেষণা, আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দের কার্যকর ব্যবহার প্রত্যাশা করছেন তারা।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে নতুন কাঠামো গ্রহণ করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট এবং ইউজিসির গবেষণা বরাদ্দ একীভূত করার ফলে গবেষণা খাতে কেন্দ্রীয়ভাবে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। বৈদেশিক স্কলারশিপ খাতে আরও ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ হয়েছে ২৩৮ কোটি টাকা।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, বরাদ্দের পরিমাণ বাড়ার পাশাপাশি এর স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে শিক্ষা ও গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com