নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, বিএনপির ১৮ সমর্থক দগ্ধ

অনলাইন ডেস্ক

গাজীপুর-২ আসনের (টঙ্গী) বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুনের বিস্ফোরণ ঘটেছে। এতে দলটির ১৮ জন সমর্থক দগ্ধ হয়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে টঙ্গী বাজারের মেইন রোডে বিকেলের দিকে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা বিএনপির সমর্থকেরা হলেন–অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮) রাফি (১২), বিজয় (১৬),তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২) রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম বলেন, ‘আজ বিকেলের দিকে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনির
নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভেতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের ১৮ জন কর্মী দগ্ধ হলে তাদেরকে জাতীয় বার্ন হাসপাতালে নিয়ে আসি।’

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, ‘আজ সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com