হাসনাত, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ শাহরিয়ার হোসেন। শনিবার (১৮ এপ্রিল) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার আদর্শে পরিচালিত জবি প্রেসক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সচেতন সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এর আগে মো. মেহেদী হাসান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং শাহরিয়ার হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি হিসেবে দায়িত্বে থাকা শাহরিয়ার হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
নবনিযুক্ত সভাপতি শাহরিয়ার হোসেন বলেন, জবি প্রেসক্লাব সবসময় শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতে নিরপেক্ষভাবে কাজ করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মতামত ও সমস্যাগুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি এই দায়িত্বকে যেমন সম্মানের, তেমনি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
তিনি আরও জানান, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও ইস্যু নিয়ে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যেতে প্রেসক্লাব কাজ করবে। পাশাপাশি সংগঠনটিকে আরও অংশগ্রহণমূলক করে তুলতে চান, যাতে সবাই নিজেদের মত প্রকাশের সুযোগ পায়।
উল্লেখ্য, প্রায় এক যুগ ধরে জবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও ক্যাম্পাসের বিভিন্ন বিষয় তুলে ধরতে সংগঠনটির অবদান প্রশংসিত।
















Leave a Reply