জকসুর উদ্যোগে জবিতে শুরু আন্তর্জাতিক শিক্ষা মেলা

হাসনাত, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার’।

আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে এ মেলা শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলার দ্বিতীয় দিন বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। এতে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীরা মেলায় অংশ নিচ্ছেন। আগ্রহী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া এবং স্কলারশিপ সংক্রান্ত বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেবার সুযোগ পাচ্ছেন। এছাড়া বিশেষ উদ্যোগ হিসেবে জকসুর পক্ষ থেকে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইইএলটিএস কোর্স প্রদান করা হবে। এ কোর্সে অংশ নিতে শিক্ষার্থীদের ২০০০ টাকা জামানত জমা দিতে হবে, যা নির্ধারিত শর্ত পূরণ করলে ফেরত দেওয়া হবে। শর্ত অনুযায়ী, অন্তত ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর অর্জন করতে হবে।

এ বিষয়ে জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, দেশের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে আগ্রহী হলেও সঠিক দিকনির্দেশনার অভাবে তারা প্রায়ই বিভ্রান্ত বা প্রতারণার শিকার হন। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের জিজ্ঞাসার সমাধান করতে পারছেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com