হাসনাত, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কথিত ‘গুপ্ত রাজনীতি’ এবং এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগের বিচার দাবিতে মানববন্ধন করেছে জবি ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবিরের কর্মীরা পরিচয় গোপন রেখে সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ক্যাম্পাসে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, সম্প্রতি এক শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা ও সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। শুরুতে তাকে শিবিরের কর্মী হিসেবে অস্বীকার করা হলেও পরে জানা যায়, তিনি সংগঠনটির পদধারী নেতা ছিলেন। অভিযোগ ওঠার পর তিনি নিজের ফেসবুক আইডি বন্ধ করে দেন বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান নেতৃত্বের পক্ষ থেকেও তাকে অস্বীকার করা হয়েছে, যা ‘গুপ্ত রাজনীতি’র বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি।
বক্তারা জানান, অভিযুক্ত শিক্ষার্থী একাধিক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তা ভেঙে দেন। এ ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছেন।
এছাড়া ‘হানি ট্র্যাপ’ কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগও তুলে ধরা হয়।
মানববন্ধন থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিবিরের কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি কোনো সংগঠনের সদস্য অপরাধে জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে বলেও জানান বক্তারা।
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বর্তমানে যারা শিবির পরিচয়ে সক্রিয়, তাদের অনেকেই আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল এবং তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
















Leave a Reply